যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ PM ২৯
রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১৬

রাশিয়া-ইউক্রেন সংঘাতের প্রতীকী ছবি; ছবি: সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। শনিবার দুই দেশের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রুশ ও ইউক্রেনীয় হামলায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। হামলায় দুই দেশের বিভিন্ন অঞ্চলে হতাহতের পাশাপাশি অবকাঠামোরও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ইউক্রেনীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, রাশিয়ার হামলায় সুমি, জাপোরিঝিয়া ও দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরী রয়েছে। রাজধানী কিয়েভেও কয়েকজন আহত হয়েছেন। এর আগের দিন কিয়েভে রুশ হামলায় আরও সাতজন নিহত হওয়ার কথা জানানো হয়েছিল।

অন্যদিকে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের হামলায় ক্রাসনোদার ও বেলগোরোদ অঞ্চলে চারজন নিহত হয়েছেন। রুশ নিয়ন্ত্রিত খেরসন অঞ্চলের এক কর্মকর্তা দাবি করেন, আস্কানিয়া-নোভা এলাকায় একটি ক্যাফেতে ইউক্রেনীয় ড্রোন আঘাত হানলে দুই তরুণীসহ তিনজনের মৃত্যু হয়।

সাম্প্রতিক সময়ে দুই পক্ষই দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাত্রা বাড়িয়েছে। এর ফলে যুদ্ধের প্রভাব সামরিক স্থাপনার বাইরে বেসামরিক এলাকাতেও পড়ছে। বেসামরিক মানুষের প্রাণহানি অব্যাহত থাকায় জাতিসংঘও উদ্বেগ জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া নিয়মিতভাবে হামলার মাত্রা বাড়িয়ে চলেছে। তাঁর দাবি, রাশিয়ার ব্যবহৃত জেটচালিত ড্রোনের প্রায় ৫৫ শতাংশ ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে সক্ষম হচ্ছে।

রুশ ভূখণ্ডেও ইউক্রেনের পাল্টা হামলা অব্যাহত রয়েছে। জেলেনস্কি জানিয়েছেন, শনিবার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের একটি তেল শোধনাগার এবং রুশ বাহিনীকে সরবরাহ করা একটি স্থাপনায় হামলা চালানো হয়েছে।

এদিকে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কূটনৈতিক তৎপরতা চললেও এখন পর্যন্ত বড় কোনো অগ্রগতির কথা জানা যায়নি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কো ও কিয়েভের মধ্যে একটি চুক্তি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন। তবে যুদ্ধের অবসান কবে হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো সময়সীমা পাওয়া যায়নি।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!