যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

ইরান কঠিন পরিস্থিতিতে আছে, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ PM ২২
ইরান কঠিন পরিস্থিতিতে আছে, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরান চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার করবে কি না, সে বিষয়ে নিশ্চিত নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁর দাবি, সংঘাতের মধ্যে ইরান বর্তমানে অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি রয়েছে।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরান এখনই হাল ছেড়ে দেবে কি না তিনি জানেন না। তবে শেষ পর্যন্ত দেশটি হাল ছাড়বে বলেই মনে করেন তিনি। একই সঙ্গে ইরানের বর্তমান অবস্থাকে ‘খুব বাজে’ বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আশারক আল-আওসাতের প্রতিবেদনে ট্রাম্পের এসব বক্তব্য তুলে ধরা হয়েছে। তাঁর মন্তব্যের বিপরীতে গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছিলেন, মার্কিন চাপের কাছে তেহরান আত্মসমর্পণ করবে না।

এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাবে ইরানের তেল রপ্তানি উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয়েছে। যুদ্ধের অর্থনৈতিক প্রভাবের কারণে দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রাতেও চাপ বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহনে বাধা তৈরি হয়েছে। সংঘাত শুরুর আগে বিশ্বের অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) মোট সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হতো।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর বর্তমান সংঘাতের সূত্রপাত হয়। এর জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে হামলা চালায়। এরপর থেকে যুদ্ধের লক্ষ্য ও সম্ভাব্য সময়সীমা নিয়ে ট্রাম্প বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন।

অন্যদিকে যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে থাকায় জ্বালানির মূল্যবৃদ্ধি ট্রাম্পের রিপাবলিকান দলের জন্য একটি বড় রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!