যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

কয়েক মাসের মধ্যে সোলার সিস্টেমের আওতায় আসবে সংসদ ভবন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ PM ৭৩
কয়েক মাসের মধ্যে সোলার সিস্টেমের আওতায় আসবে সংসদ ভবন: প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ ভবনকে আগামী কয়েক মাসের মধ্যে সোলার সিস্টেমের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে নিলোফার চৌধুরি মনির এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবেই জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহ দিতে আরও কিছু সরকারি উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, নবায়নযোগ্য জ্বালানি পণ্যের ওপর আয়কর প্রত্যাহার করা হয়েছে।

আগামী ছয় মাসের মধ্যে রুফটপ সোলার স্থাপনকারীদের কাছ থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ সাড়ে ১০ টাকা দরে কেনার পরিকল্পনার কথাও জানান তিনি। এই ব্যবস্থা তিন বছর কার্যকর থাকবে বলে সংসদে জানান প্রধানমন্ত্রী।

সরকারি বিভিন্ন স্থাপনায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে জাতীয় রুফটপ সোলার কর্মসূচিও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সৌরবিদ্যুৎ খাতের ব্যবসায়ীদের জন্য লিথিয়াম ব্যাটারির মান নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ঋণের ব্যবস্থার কথাও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া শিল্প পর্যায়ে সোলার প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য কাঁচামালের ওপর কর ছাড় দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য সরকার আগামী ১০ বছরের একটি পরিকল্পনা নিয়েছে বলেও সংসদে জানান প্রধানমন্ত্রী। এ পরিকল্পনা নিয়ে বর্তমানে কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে।

প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী শিগগিরই পরিকল্পনাটি জাতীয় সংসদে উপস্থাপন করবেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!