যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

আযাদের মৃত্যুদণ্ডের আপিল শুনানি চার সপ্তাহের জন্য স্থগিত

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ PM ৬৮
আযাদের মৃত্যুদণ্ডের আপিল শুনানি চার সপ্তাহের জন্য স্থগিত

ছবি:সংগৃহীত

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে মাওলানা আবুল কালাম আযাদের করা আপিলের শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ শুনানি মুলতবি করেন। সুপ্রিম কোর্টের অবকাশ শেষে মামলাটির শুনানি আবার অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে বিলম্ব মার্জনার আবেদনসহ গত ৬ জুলাই আপিল করেন আবুল কালাম আযাদ। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার মৃত্যুদণ্ডের সাজা কার্যকর স্থগিত রাখার আবেদনও করা হয়েছে।

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাওলানা আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার আগেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

পরবর্তীতে ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর ২০২৫ সালের অক্টোবরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার মৃত্যুদণ্ড কার্যকর এক বছরের জন্য স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে।

চলতি বছরের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন আবুল কালাম আযাদ। ওই দিন শুনানি শেষে ট্রাইব্যুনাল তাকে মামলার প্রয়োজনীয় নথিপত্রের সত্যায়িত কপি দেওয়ার নির্দেশ দেন।

একই সঙ্গে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে বর্তমান অবস্থায় রাখার নির্দেশ দেওয়া হয়।

আবুল কালাম আযাদের পক্ষে আপিল বিভাগে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিকী, ইমরান এ সিদ্দিকী, মোহাম্মদ নাজিবুর রহমান (নাজিব মোমেন) এবং মীর ওসমান বিন নাসিম।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

আবুল কালাম আযাদের আপিল মুক্তিযুদ্ধের অপরাধ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!