যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

হাইকোর্টের রায়: ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র দেওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ PM ৫০
হাইকোর্টের রায়: ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র দেওয়া যাবে না

ছবি:সংগৃহীত

ছবি ছাড়া শুধু বায়োমেট্রিক তথ্যের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে বিদ্যমান নিয়ম অনুযায়ী ছবি সংযুক্ত করেই জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটির চূড়ান্ত শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, রাজধানীর শাহজাহানপুরের বাসিন্দা সুমাইয়া আহমদ মুনা ২০২২ সালে ছবি ছাড়াই বায়োমেট্রিক তথ্য ব্যবহারের মাধ্যমে এনআইডি পাওয়ার আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট প্রাথমিক শুনানি শেষে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছিলেন।

রুলে ছবি ব্যবহার না করে বিকল্প পরিচয় শনাক্তকরণ পদ্ধতি হিসেবে বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছিল।

পরবর্তীতে রুলের ওপর চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত রুল খারিজ করে দেন। এর ফলে ছবি ছাড়া এনআইডি দেওয়ার সুযোগ তৈরি হলো না।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ওমর শরীফ ও ইলিয়াছ আলী মণ্ডল। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।

রায়ের পর আইনজীবী কামাল হোসেন মিয়াজী সাংবাদিকদের জানান, জাতীয় পরিচয়পত্র আইন, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিধিমালা এবং ভোটার তালিকা আইনের বিধান অনুযায়ী ছবি সংযুক্ত করেই জাতীয় পরিচয়পত্র ইস্যু করার নিয়ম রয়েছে।

হাইকোর্টের এ রায়ের ফলে বর্তমান আইন ও বিধিমালা অনুসরণ করে জাতীয় পরিচয়পত্র প্রদানের প্রক্রিয়াই বহাল থাকল।

হাইকোর্টের রায় ছবি ছাড়া এনআইডি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!