যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

সাইবার অপরাধ ঠেকাতে নতুন সুরক্ষা আইন প্রণয়নের উদ্যোগ

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ PM ৫৫
সাইবার অপরাধ ঠেকাতে নতুন সুরক্ষা আইন প্রণয়নের উদ্যোগ

সাইবার সুরক্ষা আইন প্রণয়ন নিয়ে বক্তব্য দিচ্ছেন শামা ওবায়েদ। সংগৃহীত ছবি

ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপব্যবহারসহ বিভিন্ন ক্ষতিকর কর্মকাণ্ড ঠেকাতে যুগোপযোগী সাইবার সুরক্ষা আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ আইনের মাধ্যমে মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাইবার জগতের ক্ষতিকর কর্মকাণ্ড থেকে জনগণকে সুরক্ষা দেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বৃহস্পতিবার সচিবালয়ে সাইবার সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির সভার শুরুতে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, তথ্য এবং আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে ওই কমিটি গঠন করা হয়েছে।

শামা ওবায়েদের ভাষ্য অনুযায়ী, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের পাশাপাশি নারীর প্রতি সহিংসতা, অশ্লীল ভাষার ব্যবহার, বুলিং এবং সামাজিক অবক্ষয়ের মতো বিষয়গুলোও নতুন আইনের আলোচনায় গুরুত্ব পাবে।

তিনি বলেন, সাইবার জগৎ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে যেসব কর্মকাণ্ড ঘটছে, সেগুলো থেকে দেশের মানুষকে সুরক্ষা দিতে সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন রয়েছে। তবে আইনটি এমন হতে হবে, যাতে মানুষের অধিকার ও নিরাপত্তা দুটিই নিশ্চিত করা যায়।

কমিটির প্রধান কাজ হিসেবে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত ও পরামর্শ নিয়ে একটি কার্যকর আইন তৈরির বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর মতে, সাইবার জগতের ক্ষতিকর কর্মকাণ্ড মোকাবিলায় সরকারের লক্ষ্য হলো সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে একটি যুগোপযোগী সাইবার সিকিউরিটি আইন প্রণয়ন করা।

শামা ওবায়েদ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!