রাজবাড়ীর পাংশার হাবাসপুরে পদ্মা ব্যারেজ নির্মাণের প্রস্তাবিত এলাকা। ছবি: সংগৃহীত
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে পদ্মা নদীর ওপর প্রস্তাবিত পদ্মা ব্যারেজের নির্মাণকাজ আগামী বছরের প্রথম প্রান্তিকে উদ্বোধন করা হতে পারে। শুক্রবার প্রকল্প এলাকা পরিদর্শন শেষে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানান, জানুয়ারি থেকে মার্চের মধ্যে যেকোনো দিন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পটির নির্মাণকাজের উদ্বোধন করবেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হাবাসপুরের ব্যারেজ সাইট পরিদর্শন করেন মন্ত্রী। তিনি জানান, প্রকল্পটি ২০৩৩ সালের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। প্রকল্প বাস্তবায়নে দেশীয় অর্থায়ন ব্যবহার করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, ব্যারেজ নির্মাণের কাজ এগিয়ে নিতে জিওপি প্রকল্প থেকে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তার ভাষ্য, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন খাতে উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে এবং পদ্মা ব্যারেজকে একটি মেগা প্রকল্প হিসেবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির দাবি, পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে ২৪টি জেলার কৃষি ও অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি হবে। তিনি জানান, ২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে প্রকল্পটির কারিগরি সমীক্ষা করা হয়েছিল। পরে প্রকল্পটি বাস্তবায়নের জন্য একনেকে অনুমোদন দেওয়া হয়।
প্রকল্প-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, পাংশা উপজেলার হাবাসপুর পয়েন্টে পদ্মা নদীর প্রায় ২ দশমিক ১ কিলোমিটার এলাকায় ব্যারেজটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা। বাস্তবায়নের সময়কাল ধরা হয়েছে ২০২৬ সালের জুলাই থেকে ২০৩৩ সালের জুন পর্যন্ত।
পরিকল্পনা অনুযায়ী, পদ্মা ব্যারেজে ৭৮টি স্পিলওয়ে, ১৮টি আন্ডার স্লুইস, দুটি ফিশ পাস এবং একটি নেভিগেশন লক থাকবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণের পরিকল্পনা রয়েছে।
সাইট পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন আজাদ, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ হারুনসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা প্রশাসক আফরোজা পারভীন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মিয়া এবং কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়াসহ স্থানীয় পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
রাজবাড়ী পদ্মা ব্যারেজ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!