ফেনীর ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি: সংগৃহীত
দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। কৃষকদের এ নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেছেন, কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে কেউ সার মজুত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশে পর্যাপ্ত সার রয়েছে। তাই সার পাওয়া নিয়ে কৃষকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে কেউ ইচ্ছাকৃতভাবে বাজারে সংকট তৈরি করতে সার মজুত করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় ফেনীতে কৃষি কার্ড পাওয়ার জন্য সাড়ে সাত হাজার কৃষক নির্বাচিত হওয়ার কথা জানান মন্ত্রী। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে এসে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলেও জানান তিনি।
এর আগে ফুলগাজীতে প্রধানমন্ত্রীর সমাবেশের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন কৃষিমন্ত্রী। সেখানে সমাবেশের প্রস্তুতি এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে খোঁজ নেন তিনি।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক মাহবুব উল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার, কৃষি বিভাগের উপপরিচালক আতিক উল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!