যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

জনগণের দাবি উপেক্ষা করলে রাজপথে আন্দোলন চলবে: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ PM ৪০
জনগণের দাবি উপেক্ষা করলে রাজপথে আন্দোলন চলবে: শফিকুর রহমান

ছবি:সংগৃহীত

জ্বালানি ও বিদ্যুৎ সংকটসহ জনগণের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করলে স্বৈরাচার ফিরে আসার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়া সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, দেশের মানুষ বর্তমানে তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে নানা ধরনের সমস্যার মধ্যে রয়েছে। সংকট মোকাবিলায় বিরোধী দলের পক্ষ থেকে কারিগরি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি দল গঠনের প্রস্তাব দেওয়া হলেও সরকার তাতে সাড়া দেয়নি। সংসদে বিষয়টি একাধিকবার উত্থাপন করেও কার্যকর সমাধান না পাওয়ায় রাজপথে কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, ২০২৪ সালের গণআন্দোলনের পর জনগণ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের সংস্কার প্রত্যাশা করেছিল। গণভোটে সংস্কারের পক্ষে জনগণের সমর্থন পাওয়ার পরও সেই সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার যথাযথ উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, দেশের কোথাও অনিয়ম বা অসংগতি দেখা দিলে তাঁরা জনগণের পক্ষে কথা বলবেন। দীর্ঘদিন ধরে বগুড়া উন্নয়ন ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, জেলার মানুষের ন্যায্য দাবিগুলো আদায়ে তাঁরা সোচ্চার থাকবেন।

বাংলাদেশের উন্নয়ন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পর ৫৫ বছর পার হলেও দেশের সম্ভাবনার তুলনায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। পরিকল্পিত উন্নয়ন, প্রয়োজনীয় সংস্কার এবং কার্যকর পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারে। এ ক্ষেত্রে মালয়েশিয়ার উন্নয়ন অভিজ্ঞতা থেকেও শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বগুড়ার উন্নয়ন নিয়ে তিনি বলেন, জেলার মানুষের ন্যায্য দাবি আদায়ে তাঁরা কাজ করবেন। বগুড়াকে আর উন্নয়নবঞ্চিত রাখা উচিত নয়।

জ্বালানি সংকটের প্রভাব তুলে ধরে জামায়াত আমির বলেন, জ্বালানির অভাবে বিভিন্ন শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে কর্মসংস্থান কমার পাশাপাশি দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে। দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিরসনের দাবি জানান তিনি।

বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের বক্তব্যের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, শুধু বক্তব্য দিয়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব নয়। সংকট মোকাবিলায় বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে হবে।

ডা. শফিকুর রহমান জনগণের দাবি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!