যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ PM ৩৮
ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: রিজভী

ছবি: সংগৃহীত

দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের সহায়তায় সরকারের নেওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচি নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই সঙ্গে নারীর ক্ষমতায়নের জন্য শিক্ষা ও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালির আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রিজভী এসব কথা বলেন।

নারীদের শিক্ষা ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে রিজভী বলেন, সরকার নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব কর্মসূচির সুফল সম্পর্কে সাধারণ মানুষকে জানানো এবং সেগুলো জনগণের কাছে তুলে ধরা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

নারী শিক্ষার প্রসঙ্গে রিজভী বেগম খালেদা জিয়ার সময় নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। তিনি বলেন, মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। পাশাপাশি তারেক রহমান মেয়েদের ডিগ্রি ও অনার্স পর্যায় পর্যন্ত পড়াশোনা অবৈতনিক করার কথা বলেছেন বলে দাবি করেন তিনি।

রিজভীর বক্তব্য অনুযায়ী, নারীকে শিক্ষিত করার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগও নারীর ক্ষমতায়নের অংশ। এসব কর্মসূচির বিষয় জনগণের কাছে পৌঁছে দিতে জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নারীর নাগরিক ও আইনি অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতার জন্য নেওয়া কর্মসূচিগুলো সম্পর্কেও মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা প্রয়োজন।

সমাজ থেকে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন ধরনের অপকর্ম দূর করতে জাতীয়তাবাদী মহিলা দলকে কাজ করার আহ্বান জানান রিজভী।

বিএনপির আন্দোলনের সময় মহিলা দলের নেতা-কর্মীদের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। তার বক্তব্যে আফরোজা আব্বাস, সুলতানা আহমেদসহ দলের নারী নেত্রীদের গ্রেপ্তার, রিমান্ড ও কারাগারে থাকার বিষয় উল্লেখ করা হয়। অতীতে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও মহিলা দলের নেতা-কর্মীরা রাজপথের কর্মসূচিতে সক্রিয় ছিলেন বলে দাবি করেন তিনি।

রিজভী বলেন, বর্তমানে বিএনপি সরকারে থাকায় দলের নেতা-কর্মীদের দায়িত্বও বেড়েছে। শুধু মন্ত্রী বা সংসদ সদস্য হওয়াই সরকারের অংশ হওয়ার একমাত্র বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, সরকারের বিভিন্ন পর্যায়ে দলের প্রতিনিধিদের সাফল্যও সংগঠনের নেতা-কর্মীদের সাফল্যের সঙ্গে সম্পর্কিত।

জাতীয়তাবাদী মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীর যোগ্যতার প্রশংসা করে রিজভী বলেন, জেলা, মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ের নেত্রীরা রাষ্ট্র বা প্রতিষ্ঠান পরিচালনার জন্য যোগ্য।

এ সময় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ সংগঠনটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!