যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলা: ৯৮ বার পেছাল তদন্ত প্রতিবেদন, নতুন তারিখ ১৯ অক্টোবর

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ PM | সর্বশেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ PM ৪৩
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলা: ৯৮ বার পেছাল তদন্ত প্রতিবেদন, নতুন তারিখ ১৯ অক্টোবর

ছবি:সংগৃহীত

রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আবারও বাড়ানো হয়েছে। নতুন করে আগামী ১৯ অক্টোবর প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করেছেন আদালত। এ নিয়ে মলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ মোট ৯৮ বার পেছাল।

সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন। এদিন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল করতে পারেনি।

আদালতের সংশ্লিষ্ট প্রসিকিউশন বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের প্রায় ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। সুইফট মেসেজিং ব্যবস্থার মাধ্যমে ভুয়া নির্দেশনা পাঠিয়ে অর্থের একটি বড় অংশ ফিলিপাইনে স্থানান্তর করা হয়েছিল।

ঘটনার পর তদন্তে দেশের ভেতরের কোনো চক্রের সহায়তা ছিল কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে। অর্থ পাচারের সঙ্গে দেশি-বিদেশি একাধিক ব্যক্তি বা গোষ্ঠীর সম্পৃক্ততার বিষয়টি তদন্তের আওতায় আসে।

রিজার্ভ চুরির ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও এখনো তদন্ত প্রতিবেদন ও অভিযোগপত্র দাখিল করা সম্ভব হয়নি। ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মতিঝিল থানায় মামলা করেন।

মামলাটি মানি লন্ডারিং প্রতিরোধ আইন, তথ্য ও প্রযুক্তি আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় করা হয়।

দীর্ঘ তদন্তের পরও রিজার্ভের অর্থ চুরি ও পাচারের সঙ্গে জড়িতদের চূড়ান্তভাবে শনাক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া যায়নি। ফলে বারবার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ছে।

সোমবার প্রতিবেদন জমা না পড়ায় আদালত আগামী ১৯ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেছেন। এখন ওই সময়ের মধ্যে সিআইডি তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে পারে কি না, সেটিই নজরে রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা দেশের ইতিহাসে অন্যতম আলোচিত আর্থিক জালিয়াতি। মামলার তদন্ত দীর্ঘায়িত হওয়ায় অর্থ চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও বিচারের অগ্রগতি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি রিজার্ভ চুরি মামলা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!