ছবি:সংগৃহীত
চলতি বছরের প্রথম সাত মাসে দেশের বিভিন্ন এলাকায় ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ শিশু উদ্ধার হয়েছে অথবা পরিবারের কাছে ফিরে গেছে। তবে এখনো ২ হাজার ৩৮ শিশুর সন্ধান পাওয়া যায়নি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরে শিশু নিখোঁজের ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)।
সংগঠনটি পুলিশ সদর দপ্তরের তথ্যের বরাত দিয়ে জানায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন থানায় শিশু নিখোঁজের ঘটনায় মোট ১৫ হাজার ৭১৭টি জিডি করা হয়েছে।
নিখোঁজ শিশুদের একটি উল্লেখযোগ্য অংশের বয়স ১০ থেকে ১৭ বছরের মধ্যে। কিশোর-কিশোরীদের এই বড় অংশ নিখোঁজ হওয়ায় তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনটি।
বিএইচআরএফের চেয়ারপার্সন অ্যাডভোকেট এলিনা খান বলেন, প্রতিটি শিশু নিখোঁজের ঘটনাকে আলাদা বা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে সমস্যার প্রকৃত চিত্র বোঝা কঠিন হবে।
তাঁর মতে, পারিবারিক দ্বন্দ্ব, মানসিক চাপ, অর্থনৈতিক সংকট কিংবা সামাজিক নিরাপত্তাহীনতার মতো বিভিন্ন কারণে শিশুরা বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে। কোনো শিশু নিখোঁজ হওয়ার পর তাকে দ্রুত শনাক্ত ও পরিবারের কাছে ফিরিয়ে আনার দায়িত্ব রাষ্ট্রের।
মানবাধিকার সংগঠনটি মনে করছে, নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজেরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।
শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে নিখোঁজ হওয়ার কারণগুলো চিহ্নিত করা, দ্রুত তথ্য সংগ্রহ এবং কার্যকর অনুসন্ধান ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি।
একই সঙ্গে শিশুদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে সুরক্ষা দিতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
নিখোঁজ শিশু ২০২৬ শিশু উদ্ধারের তথ্য শিশু নিরাপত্তা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!