যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ PM ৩৯
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করে সার্ক পুনরুজ্জীবনের উদ্যোগে ভুটানের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সাক্ষাৎ হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাতের শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান দুই মন্ত্রী।

বৈঠকে বাংলাদেশ ও ভুটানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর ভুটান প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও স্মরণ করা হয়। দুই দেশের সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা হয়। এর মধ্যে ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি উন্নয়ন উদ্যোগে বাংলাদেশের সহযোগিতার সম্ভাবনাও উঠে আসে।

বাংলাদেশের পক্ষ থেকে ওই প্রকল্পে পেশাজীবী, দক্ষ ও আধা-দক্ষ জনবল দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো চুক্তি বা বাস্তবায়ন সময়সূচির তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের প্রসঙ্গও বৈঠকে গুরুত্ব পায়। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আঞ্চলিক সহযোগিতার ভাবনার কথা উল্লেখ করে সার্ককে পুনরুজ্জীবিত করার উদ্যোগে ভুটানের সহযোগিতা কামনা করেন বাংলাদেশের দুই মন্ত্রী।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ভুটানের প্রধানমন্ত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। পরে তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!