যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

সাগরে লঘুচাপের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ PM | সর্বশেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ PM ৫৮
সাগরে লঘুচাপের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

ছবি: সংগৃহীত

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে সেটি শক্তি সঞ্চয় করে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আগামী দুই দিনের মধ্যে আন্দামান সাগরে লঘুচাপ তৈরি হতে পারে। ধাপে ধাপে ঘনীভূত হলে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য এই ঝড়ের গতিপথ ভারতের ওড়িশা উপকূলের দিকে থাকার সম্ভাবনা বেশি। তবে পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর গতিপথ ও শক্তি সম্পর্কে পূর্বাভাসও পরিবর্তিত হতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, সম্ভাব্য এই আবহাওয়া ব্যবস্থার প্রভাবে বাংলাদেশে ২৩ সেপ্টেম্বরের পর বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!