যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ PM ৬৬
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

নিউইয়র্কে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ ভূমিতে ফেরানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ মানবিক কারণে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তাই সংকটের টেকসই সমাধানের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই।

মঙ্গলবার নিউইয়র্কের স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর আবাসস্থল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট নিরসন এবং প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরির বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরানোর প্রক্রিয়াকে এগিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে মিয়ানমারে এমন পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়, যেখানে রোহিঙ্গারা নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদার সঙ্গে ফিরে যেতে পারেন।

রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার বিষয়টিও আলোচনায় আসে। প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুততর করতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

বারহাম সালেহ দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন। সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপরও তিনি গুরুত্ব দেন।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরের আলোচ্যসূচিতে রোহিঙ্গা সংকট অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে রয়েছে। বুধবার তিনি রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টেও অংশ নেওয়ার কথা রয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!