সচিবালয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম; ছবি: সংগৃহীত
দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় জেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, এলজিইডির বিভিন্ন দপ্তর, ওয়াসা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ হাট-বাজার ও গ্রোথ সেন্টারের মোট ৬ হাজার ৫৪৪টি স্থাপনায় সোলার প্যানেল বসানো হবে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, কর্মসূচি বাস্তবায়নে ইতোমধ্যে ৩৭০ কোটি টাকা ছাড় করা হয়েছে। প্রাথমিকভাবে এসব স্থাপনা থেকে প্রায় ১৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজস্ব থেকেও অর্থ যোগ করে উৎপাদন সক্ষমতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে মোট উৎপাদন প্রায় ৩০০ মেগাওয়াটে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উৎপাদিত বিদ্যুতের একটি অংশ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের কাজে ব্যবহার করবে। পরিকল্পনা অনুযায়ী, প্রায় ১৫০ মেগাওয়াট নিজস্ব ব্যবহারে রেখে অতিরিক্ত প্রায় ১৫০ মেগাওয়াট নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করার কথা রয়েছে। অতিরিক্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে বিক্রির হিসাব করা হয়েছে।
সরকারের দেওয়া অর্থের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নিজস্ব রাজস্ব যুক্ত করে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করে পাওয়া অর্থে কয়েক বছরের মধ্যে প্রাথমিক বিনিয়োগের অর্থ উঠে আসার প্রত্যাশা রয়েছে। এরপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিজস্ব রাজস্ব আয়ের একটি উৎসও তৈরি হতে পারে।
কর্মসূচির আওতায় ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনকে বিভিন্ন পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদগুলোর জন্য ১২০ কোটি, সিটি করপোরেশনের জন্য ৭৫ কোটি, উপজেলা পরিষদের জন্য ৯৯ কোটি, পৌরসভার জন্য ৬৪ কোটি এবং জেলা পরিষদের জন্য ১২ কোটির কিছু বেশি টাকা ছাড় করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পৃথক চিঠির মাধ্যমে সোলার প্যানেল স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় হাট-বাজার ও গ্রোথ সেন্টারগুলোর ছাদ বা উপযুক্ত স্থাপনাও সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহারের কথা রয়েছে।
সরকার নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আগামী ২৭ জানুয়ারির মধ্যে কর্মসূচির বাস্তবায়ন শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!