ফেনীর সড়কে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরকে নেতাকর্মীদের অভ্যর্থনা। ছবি: সংগৃহীত
এক দিনের সফরে ফেনীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পরশুরাম ও ফুলগাজীর একাধিক কর্মসূচিতে অংশ নিতে তিনি জেলায় আসেন। তাঁর গাড়িবহর যাওয়ার সময় সড়কের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে নেতাকর্মীরা অভ্যর্থনা জানান।
প্রধানমন্ত্রীর সফরের শুরুতেই পরশুরামের ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধনের কর্মসূচি রয়েছে। এ উপলক্ষে সেখানে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
পরশুরামের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে যাবেন। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
এরপর ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় গিয়ে রুফটপ সোলার ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে কিছু সময় অবস্থানের পর পরবর্তী কর্মসূচিতে যোগ দেবেন তিনি।
বিকেল ৩টার দিকে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মাননা দেওয়ার কর্মসূচি রয়েছে।
দিনের কর্মসূচি শেষ করে বিকেল ৫টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরসূচি অনুযায়ী, রাতের দিকে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!