নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। ছবি: সংগৃহীত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে ক্ষতিগ্রস্ত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। বৃহস্পতিবার (১ অক্টোবর) মালিবাগ রেলগেট থেকে খিলগাঁও-বাসাবো পর্যন্ত প্রকল্পের নির্মাণাধীন অংশ পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশ দেন তিনি।
পরিদর্শনের সময় মালিবাগ থেকে খিলগাঁও অংশের ক্ষতিগ্রস্ত ড্রেন দ্রুত মেরামত করে পানি নিষ্কাশন স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেন সেতু সচিব। পাশাপাশি এক্সপ্রেসওয়ের অ্যালাইনমেন্টের পাশের সড়কে তৈরি হওয়া গর্ত ও খানাখন্দ দ্রুত সংস্কার করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ দেওয়া হয়।
মালিবাগ রেলগেট এলাকায় ট্রপিক্যাল হোমসের নির্মাণাধীন টিএ টাওয়ারের কারণে ক্ষতিগ্রস্ত ড্রেনটিও পুনর্নির্মাণের নির্দেশ দিয়েছেন তিনি। এ কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক।
এ সময় এক্সপ্রেসওয়ের গার্ডারের নিচে স্থাপন করা বিয়ারিং প্যাডের অবস্থাও নিয়মিত পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের নির্দেশ দেওয়া হয়।
পরিদর্শন শেষে মোহাম্মদ আবদুর রউফ বলেন, বড় অবকাঠামো নির্মাণের পাশাপাশি প্রকল্পের আশপাশের সড়ক ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখাও জরুরি। নির্মাণকাজের কারণে মানুষের ভোগান্তি যাতে কম হয়, সে জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাজধানীর যোগাযোগ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দ্রুত যাতায়াতে ভূমিকা রাখবে। তাই নির্ধারিত মান ও সময়ের মধ্যে নির্মাণকাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগ যতটা সম্ভব কমিয়ে আনার বিষয়টিও নিশ্চিত করতে হবে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!