যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

তদন্ত শেষ হওয়ার আগে এমপির বিরুদ্ধে চূড়ান্ত মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ PM ৪৬
তদন্ত শেষ হওয়ার আগে এমপির বিরুদ্ধে চূড়ান্ত মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি:সংগৃহীত

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্থানীয় এক সংসদ সদস্যের বিরুদ্ধে তদন্ত শেষ হওয়ার আগে কোনো চূড়ান্ত মন্তব্য করা ঠিক নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে চূড়ান্ত মন্তব্য করা সমীচীন নয়।

তিনি জানান, স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় তদন্ত চলছে। তদন্তে প্রাথমিকভাবে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা প্রতিষ্ঠিত হলে সংশ্লিষ্ট সংসদ সদস্যের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হতে পারে। প্রয়োজন হলে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্রও (চার্জশিট) দেওয়া হতে পারে।

এর পাশাপাশি দলীয় পর্যায়েও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মিরপুরের ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করার ওপর গুরুত্ব দেন।

বাংলাদেশের রাজনীতি স্বরাষ্ট্রমন্ত্রী

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!