ছবি:সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউনেসকোর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কথা বলেছেন—এ বিষয়ে ইসির পরিকল্পনা জানতে চাইলে আখতার আহমেদ বলেন, কমিশন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। গত ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় বৈঠকে নির্বাচন আয়োজনের সময়সহ বিভিন্ন বিষয়ে মতামত ও প্রস্তাব এসেছে। সেসব বিষয় পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ইসি সচিব বলেন, জানুয়ারি থেকে জুনের সময়সীমার বিষয়ে মন্ত্রীর বক্তব্যকে একটি রেফারেন্স হিসেবে বিবেচনা করা যেতে পারে। বিষয়টি কমিশনের কাছে উপস্থাপন করা হবে। তবে এখনই এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করার সময় আসেনি।
স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি ভবিষ্যতের বিষয়। নির্বাচন ব্যবস্থাপনায় পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
নির্বাচন ব্যবস্থাপনায় সুষ্ঠুতা নিশ্চিত করার বিষয়ে ইসি সচিব বলেন, যেকোনো নির্বাচনে সবার প্রত্যাশা থাকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য আয়োজন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে তিনি ইসির প্রত্যাশার একটি ভিত্তি হিসেবে উল্লেখ করেন। ভবিষ্যতের নির্বাচনেও সেই মান ধরে রাখার পাশাপাশি আরও উন্নত করার প্রত্যাশার কথা জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতটা এগিয়েছে—এ প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, প্রস্তুতি বলতে ঠিক কী বোঝানো হচ্ছে, সেটিও বিবেচনা করতে হবে। নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় তথ্য, উপকরণ ও অন্যান্য বিষয় প্রস্তুত আছে কি না, সেগুলোও যাচাই করা প্রয়োজন।
তিনি জানান, ভোটার তালিকা, নির্বাচনী উপকরণ এবং ভোটকেন্দ্রের মতো মৌলিক বিষয়গুলো রয়েছে। তবে স্থানীয় পর্যায়ের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হবে।
স্থানীয় বাস্তবতার ব্যাখ্যায় ইসি সচিব বলেন, এসএসসি পরীক্ষা, রমজান, বিভিন্ন ধর্মীয় উৎসব এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন কর্মসূচির মতো বিষয়গুলো নির্বাচন আয়োজনের সময় বিবেচনায় রাখতে হবে। এসব দিক পর্যালোচনা করে একটি বাস্তবসম্মত ও সুষ্ঠু সমাধানে পৌঁছানোর চেষ্টা করবে কমিশন।
স্থানীয় নির্বাচন ২০২৭ জানুয়ারি থেকে জুন নির্বাচন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!