জানাজা ও মরদেহ দাফনের অধিকার নিয়ে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
জানাজা পড়া ও মরদেহ দাফন প্রত্যেক মানুষের মৌলিক মানবিক ও ধর্মীয় অধিকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। পিরোজপুরে মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেছেন, রাজনৈতিক বিরোধ বা শত্রুতার কারণেও কারও এই অধিকার কেড়ে নেওয়া উচিত নয়। প্রতিপক্ষের ক্ষেত্রেও ন্যায়বিচার ও ইনসাফ নিশ্চিত করতে হবে।
সোমবার (২৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তাঁর ভাষ্য, অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন ঘটনায় জানাজা ও মরদেহ দাফনের অধিকার বাধাগ্রস্ত হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি দেখতে চান না তিনি।
ফেসবুক পোস্টে নাহিদ অতীতের কয়েকটি ঘটনার উল্লেখ করেন। তাঁর অভিযোগ, পিয়াস করিম ও আল মাহমুদের মরদেহ শহীদ মিনারে নেওয়া এবং সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছিল। বিরোধী দলের কয়েকজন নেতার জানাজা ঢাকায় আয়োজনের সুযোগও দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। অন্যদিকে, গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ নেতা তোফায়েলের জানাজা ঢাকায় এবং তাঁর নিজ এলাকায় আওয়ামী লীগ নেতা এ কে এম রহমতুল্লাহর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করেন নাহিদ। সংসদীয় রীতি অনুযায়ী শোক প্রকাশের বিষয়টিও তুলে ধরেন তিনি।
নাহিদ বলেন, ফ্যাসিবাদের বিরোধিতা করলেও সেই পথ অনুসরণ করা যাবে না। তাঁর মতে, রাজনৈতিক প্রতিপক্ষের মানবাধিকারের পক্ষেও কথা বলা জরুরি। শত্রুর সঙ্গে ন্যায়সংগত আচরণ করার নীতি প্রতিষ্ঠা করতে না পারলে মানবাধিকারের প্রশ্নে নৈতিক অবস্থান ধরে রাখা কঠিন।
মানবাধিকার নিয়ে বর্তমান আলোচনার প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, অতীতে সব পক্ষের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সমানভাবে প্রতিবাদ জানানো হয়নি বলে তিনি মনে করেন। মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি, মরদেহ অবমাননা, কবর ভাঙচুর এবং জানাজায় বাধা দেওয়ার মতো ঘটনার বিরুদ্ধেও অবস্থান নেওয়ার আহ্বান জানান।
পিরোজপুরে মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে নাহিদ বলেন, কোনো রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা করতে গিয়ে মানবিক মর্যাদা ও অধিকার বিসর্জন দেওয়া যায় না। তাঁর বক্তব্য, ফ্যাসিবাদের বিপরীতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে এবং সব নাগরিকের মানবাধিকার রক্ষায় সোচ্চার থাকতে হবে।
নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!