যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

ইউপি সদস্যকে মারধরের অভিযোগ কৃষকদল নেতার পরিবারের বিরুদ্ধে

মোঃ ওয়াদুদ আহমেদ মিলু (লালমনিরহাট)

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৩:৫৩ PM ১৫৬
ইউপি সদস্যকে মারধরের অভিযোগ কৃষকদল নেতার পরিবারের বিরুদ্ধে

লালমনিরহাটের কালীগঞ্জে ইউপি সদস্য আব্দুল করিমকে মারধর ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

লালমনিরহাটের কালীগঞ্জে এক ইউপি সদস্যকে পথরোধ করে মারধর, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চলবলা ইউনিয়ন কৃষকদলের সভাপতি শাহ আলমের পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ইউপি সদস্য আব্দুল করিম থানায় লিখিত অভিযোগ করেছেন।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন আব্দুল করিম। পরে দুহুলী বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগের বিস্তারিত তুলে ধরেন।

ইউপি সদস্যের ভাষ্য, গত ১৯ আগস্ট স্থানীয় এক নারী হামলা ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা ছিল না। তবে ভুক্তভোগী নারীকে থানায় অভিযোগ করতে তিনি সহযোগিতা করেছেন—এমন অভিযোগ তুলে শাহ আলমের পরিবারের সদস্যরা তাঁর ওপর ক্ষুব্ধ হন।

আব্দুল করিমের দাবি, এর জের ধরে ২৮ আগস্ট সকালে শাহ আলমের ছেলে মেহেদী হাসান, স্ত্রী মনোয়ারা বেগমসহ কয়েকজন তাঁর পথরোধ করেন। একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে তিনি আঘাত পান। পরে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি জোর করে নিয়ে নেওয়া হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার পর কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান আব্দুল করিম। হামলার বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে আব্দুল করিম আরও দাবি করেন, গত ১৯ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কৃষকদল নেতা শাহ আলম প্রবাসীর স্ত্রী রোজিনার বাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরদিন রোজিনা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন। এরপর শাহ আলমকে দল থেকে বহিষ্কার করা হয় এবং একই দিন বিকেলে পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

বর্তমানে শাহ আলম কারাগারে রয়েছেন বলে জানান ইউপি সদস্য। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, শাহ আলম কারাগার থেকে জামিনে বা অন্য কোনোভাবে মুক্তি পেলে তাঁর ওপর আবারও হামলার ঘটনা ঘটতে পারে। এ কারণে নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তবে ইউপি সদস্যের এসব অভিযোগের বিষয়ে শাহ আলমের পরিবারের সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর নির্ভর করছে।

কালীগঞ্জ কৃষকদল ইউপি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!