ছবি: সংগৃহীত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের মামলায় বিএনপি ও ছাত্রদলের দুই নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৩১ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ আদেশ দেন।
কারাগারে পাঠানো দুজন হলেন বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি মো. আব্দুর রউফ এবং বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত। আগামী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তাদের জামিন আবেদনের শুনানি হবে।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আবু বক্কর আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ আগস্ট রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের সামনে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটে। বাদী মো. সুমনের দাবি, তার মালয়েশিয়া প্রবাসী বড় ভাই পরিবারের ব্যবহারের জন্য ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠিয়েছিলেন।
ওই রাতে বিমানবন্দর থেকে স্বর্ণালংকার নেওয়ার পর সুমন তার বন্ধু রোহান চৌধুরীকে সঙ্গে নিয়ে একটি ভাড়া করা মাইক্রোবাসে করে বলাকা ভবনের বিপরীত পাশে যান। সেখানে গাড়ি থেকে নামার পর কয়েকজন তাদের ঘিরে ধরে মারধর করেন এবং স্বর্ণালংকার নিয়ে চলে যান বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা তাদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে এবং তাদের কাছে বোমা রয়েছে—এমন কথা বলে ভয় দেখান। পরে আশপাশে লোকজন জড়ো হলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ২৯ আগস্ট বিমানবন্দর থানায় মামলা করেন সুমন। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে বলে মামলার তদন্ত-সংশ্লিষ্ট তথ্য থেকে জানা গেছে।
৩০ আগস্ট তাদের আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক সাব্বির হোসেন। আদালত প্রত্যেকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শেষে সোমবার তাদের আবার আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা তাদের কারাগারে রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং আসামিরা জামিনে মুক্ত হলে তদন্তে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুল রহমান মঙ্গলবার জামিন শুনানির আবেদন করেন। পরে আদালত তাদের কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।
মামলায় আব্দুর রউফ ও আল-আমিন শান্ত ছাড়াও বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন এবং বিমানবন্দর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে আসামি করা হয়েছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!