ছবি: সংগৃহীত
ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং জনগণের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। একই সঙ্গে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কেউ মব সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে বলে সতর্ক করেছেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন ভূমিমন্ত্রী।
মিজানুর রহমান মিনু বলেন, ভূমিদস্যুদের উৎখাত করা হবে এবং জনগণের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। দেশের শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। কোনো পক্ষ মব তৈরির চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও জানান তিনি।
আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যানের নির্দেশনার কথা উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, বিভিন্ন পদে দলের একক প্রার্থী নিশ্চিত করার চেষ্টা করা হবে।
তিনি বলেন, স্থানীয়ভাবে আলোচনা করে প্রার্থী নির্বাচনের বিষয়গুলো সমাধান করা হবে। ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে মহিলা কাউন্সিলর, মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার পদেও দলীয়ভাবে সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
দেশ ও দলকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে মিজানুর রহমান মিনু বলেন, বিএনপি দেশ গড়তে জানে এবং নেতৃত্বকে যথাযথ সম্মান দিতে জানে। রাজশাহীতেও একক প্রার্থী নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মাদককে জাতির শত্রু আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, যারা মাদক সরবরাহের সঙ্গে জড়িত, বিশেষ করে এর মূল উৎসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।
মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, মাদক সরবরাহকারীদের আইনের আওতায় আনতে সবাইকে সহযোগিতা করতে হবে।
এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়ানো এবং পায়রা অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী।
অনুষ্ঠানে রাজশাহীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!