শরীয়তপুরের নুর হোটেল ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের দৃশ্য।ছবি: সংগৃহীত
শরীয়তপুর সদর উপজেলার একটি ছয়তলা আবাসিক হোটেলে আগুন লাগার পর প্রাণ বাঁচাতে ছাদে আশ্রয় নেন ১৭ জন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ প্রচেষ্টায় তাদের নিরাপদে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে নুর হোটেল ইন্টারন্যাশনালে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর শংকর বিশ্বাস জানান, রাত আনুমানিক দেড়টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তারা দেখতে পান, হোটেলের নিচতলায় গাড়ি রাখার স্থানে আগুন তীব্রভাবে জ্বলছে। আগুনের উত্তাপ ও তীব্রতার কারণে ভবনের ওপরের অংশে দ্রুত পৌঁছানো সম্ভব হচ্ছিল না।
ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর ভবনের ছাদে অবস্থান নেওয়া ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডে আহত পাঁচজনকে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
আগুন কীভাবে লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর প্রকৃত কারণ কী, তা তদন্তের পর জানা যাবে।
পালং মডেল থানার এসআই সুধাংশু সরকার জানান, বেতারের মাধ্যমে আগুন লাগার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণ ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে সহযোগিতা করা হয়। অগ্নিকাণ্ডে হোটেলের নিচতলায় থাকা ১২টি মোটরসাইকেল ও একটি ব্যক্তিগত গাড়ি পুড়ে গেছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!