যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে পিটুনিতে নিহত ২

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৬ PM ৩
রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে পিটুনিতে নিহত ২

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত দুই ব্যক্তির ঘটনা তদন্ত করছে পুলিশ। ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুর খুড়ির দোলা ক্যানেলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন কচুয়া সরদারপাড়া এলাকার এজারুল ওরফে রেজাউল কানা (৪৫) এবং কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা সাদিকুল ইসলাম (২৫)। পুলিশ জানিয়েছে, অটোরিকশা চুরির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মারধরে তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ভোরে স্থানীয় বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে বিষয়টি টের পান তিনি। এরপর চিৎকার করে আশপাশের লোকজনের দৃষ্টি আকর্ষণ করেন। পরে কাছের মসজিদের মাইকে ‘চোর’ বলে ঘোষণা দেওয়া হলে ফজরের নামাজে আসা মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে অভিযুক্তদের ধাওয়া করেন।

একপর্যায়ে অটোরিকশাটি রাস্তায় ফেলে পালানোর চেষ্টা করেন দুজন। পরে সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার একটি ধানক্ষেত থেকে তাঁদের আটক করা হয়। সেখানে জড়ো হওয়া লোকজন তাঁদের মারধর করেন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে সংবাদে উল্লেখ করা হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর গণপিটুনিতে দুজনের মৃত্যুর প্রাথমিক সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর অভিযোগকারীদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রংপুর গঙ্গাচড়া

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!