সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ আহমেদ হল। ছবি: সংগৃহীত
জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের পানাউল্লাহ আহমেদ হলের পেছন থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৭ বছর। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তি ওই কলেজের শিক্ষার্থী নন।
রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হলের পেছনের দিকে গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান এক শিক্ষার্থী। পরে বিষয়টি অন্য শিক্ষার্থীদের জানানো হলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী সজীব বাথরুমে যাওয়ার সময় ওই যুবককে গ্রিলের সঙ্গে ঝুলতে দেখেন। পরে তিনি অন্য শিক্ষার্থীদের ডাকেন এবং ঘটনাটি পুলিশকে জানানো হয়।
শিক্ষার্থী সজীব বলেন, বাথরুমে যাওয়ার সময় তিনি একজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে অন্যদের ডাকার পর পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
আরেক শিক্ষার্থী রায়ান বলেন, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। মরদেহের অবস্থান দেখে তার কাছে বিষয়টি সন্দেহজনক মনে হয়েছে। এক হাতের রশি দিয়ে এভাবে আত্মহত্যা করা সম্ভব কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তবে তার বক্তব্যের সত্যতা পুলিশ এখনো নিশ্চিত করেনি।
পানাউল্লাহ আহমেদ হলের হল সুপার আব্দুল্লাহ আল জাবের জানান, উদ্ধার হওয়া যুবক হলের কোনো আবাসিক শিক্ষার্থী নন এবং তিনি কলেজেরও ছাত্র নন। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্তের মাধ্যমে পুলিশই বের করবে বলে জানান তিনি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) কাছে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জামালপুর
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!