গ্রেপ্তারকৃত ইসলাম আলী। ছবি: সংগৃহীত
রাজশাহীর বাঘায় চোর সন্দেহে দুই যুবককে গণপিটুনির ঘটনায় শিমুল (২৮) নিহত হওয়ার মামলায় ইসলাম আলী (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। প্রাথমিক তদন্তে ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।
চোর সন্দেহে গণপিটুনিতে রাজশাহীর বাঘায় শিমুল (২৮) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় ইসলাম আলী (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৫-এর একটি দল রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর সবজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
ইসলাম আলী বাঘা উপজেলার জোতকাদীপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আফসার মণ্ডলের ছেলে। র্যাবের ভাষ্য, শিমুল হত্যা মামলার প্রাথমিক তদন্তে ইসলাম আলীর সরাসরি সম্পৃক্ততার তথ্য মিলেছে। এ ঘটনায় তিনি অন্যতম প্রধান অভিযুক্ত বলেও জানিয়েছে সংস্থাটি।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে জোতকাদীপুর এলাকায় শিমুল ও মো. শমজানকে চোর সন্দেহে কয়েকজন ব্যক্তি আটক করেন। একপর্যায়ে তাদের ওপর হামলা চালিয়ে গণপিটুনি দেওয়া হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন। নিহত শিমুল একই গ্রামের মোহাম্মদ গোলাম মোস্তফার ছেলে।
ঘটনার পর শিমুলের বাবা বাঘা থানায় হত্যা মামলা করেন। মামলায় ২০ থেকে ২৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
র্যাব-৫ সোমবার সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায়, মামলা হওয়ার পর থেকেই ইসলাম আলী গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি আত্মগোপনে থাকার বিষয়টি স্বীকার করেছেন।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ইসলাম আলীকে বাঘা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
রাজশাহী বাঘা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!