যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৬ অক্টোবর ২০২৬,২০ আশ্বিন ১৪৩৩

চন্দনাইশে বন্যাদুর্গত ৫৬৬ পরিবার পেল রেড ক্রিসেন্টের নগদ সহায়তা

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ PM ৪৫
চন্দনাইশে বন্যাদুর্গত ৫৬৬ পরিবার পেল রেড ক্রিসেন্টের নগদ সহায়তা

চন্দনাইশে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের মানবিক সহায়তা বিতরণ। ছবি: সংগৃহীত

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৫৬৬ পরিবারের জন্য আর্থিক ও ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৮ হাজার টাকা হিসেবে মোট ৪৫ লাখ ২৮ হাজার টাকা দেওয়া হয়েছে। অর্থের পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণসামগ্রীও পৌঁছে দেওয়া হয়। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে টিউবওয়েল জীবাণুমুক্ত করার কার্যক্রমও শুরু করেছে সংগঠনটি।

চন্দনাইশ উপজেলা অডিটোরিয়াম হলরুমে রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় এসব সহায়তা বিতরণ করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়া পরিবারগুলোর হাতে নগদ অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। নগদ সহায়তা দেওয়া হয়েছে বিকাশের মাধ্যমে।

টানা বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হয়। পানির নিচে চলে যায় অনেক এলাকা। এতে বহু পরিবার দুর্ভোগে পড়ে এবং বসতঘরসহ দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়। একই সময়ে দুর্গত এলাকাগুলোতে নিরাপদ খাবার পানির সংকটও দেখা দেয়।

এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে অর্থ ও ত্রাণ দেওয়ার পাশাপাশি পানির উৎস নিরাপদ করার উদ্যোগ নেয় রেড ক্রিসেন্ট। টিউবওয়েল জীবাণুমুক্ত করার কার্যক্রমও সেই সহায়তার অংশ হিসেবে চালু করা হয়েছে।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান।

রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার জিয়াউল হক অনুষ্ঠানটি পরিচালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, ফাতেমা জিন্নাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি এবং কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া।

অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্বেচ্ছাসেবক, স্থানীয় সংবাদকর্মী এবং সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও কর্মসূচিতে অংশ নেন।

রেড ক্রিসেন্টের কর্মকর্তারা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি চাহিদা পূরণে সংগঠনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। প্রয়োজন অনুযায়ী দুর্গত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগও নেওয়া হবে।

চন্দনাইশ রেড ক্রিসেন্ট ত্রাণ সহায়তা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!