বগুড়ার শাজাহানপুরে কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে ইয়াবা পরিবহনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ১ হাজার ৯৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিএনসির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাছেল হাওলাদার (৩৬), রোকনুজ্জামান (৩৯) ও মকবুল হোসেন (২৫)। রাছেল ওই কাভার্ড ভ্যানের চালক এবং রোকনুজ্জামান হেলপার বলে জানিয়েছে সংস্থাটি। মকবুল হোসেনের ভূমিকা সম্পর্কে দেওয়া তথ্যে বিস্তারিত উল্লেখ নেই।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয় বলে ডিএনসি জানিয়েছে। উপপরিচালক মোহা. জিললুর রহমানের নেতৃত্বে ঢাকা থেকে রংপুরগামী STEADFAST COURIER LIMITED-এর কাভার্ড ভ্যানটি থামিয়ে কেবিন ও গ্রেপ্তার ব্যক্তিদের তল্লাশি করা হয়।
তল্লাশিতে একটি খাকি রঙের কাগজের খামের ভেতর স্কচটেপে মোড়ানো ১০টি নীল জিপারযুক্ত প্যাকেট পাওয়া যায়। এর মধ্যে নয়টি প্যাকেটে ২০০ পিস করে এবং আরেকটিতে ১৬৫ পিস ইয়াবা ছিল। ডিএনসির হিসাবে উদ্ধার করা মাদকের মোট ওজন ১৯৬ দশমিক ৫ গ্রাম।
অভিযানে ঢাকা মেট্রো-অ-১১-৬৪৬১ নম্বরের কাভার্ড ভ্যান, গাড়ির ডেলিভারি চালান, কুরিয়ার পার্সেল এবং তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. তাহিদুল আলম বাদী হয়ে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করেছেন।
ডিএনসি জানিয়েছে, এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানিয়েছে সংস্থাটি।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!