অপ্রতীম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় শিক্ষার্থীদের অবস্থান। ছবি: সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দম্পতির ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যার সুষ্ঠু বিচার ও ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় তারা সড়কে অবস্থান নেন।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা অপ্রতীম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। শিক্ষার্থীদের অবস্থানের কারণে মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
এর আগে একই দিন সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতীমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সকাল ১০টার ওই জানাজা শেষে তাকে গন্ধমতি এলাকায় নেওয়া হয়। সেখানে বেলা ১১টার দিকে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। পরে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
দাফন শেষ হওয়ার পরই ন্যায়বিচারের দাবিতে ক্যাম্পাসের শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেন। তাদের কর্মসূচির মূল দাবি ছিল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা।
ইশায়াত শাহরিয়ার অপ্রতীম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র ছেলে এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। ১৮ সেপ্টেম্বর বিকেলে কোটবাড়ির বাসা থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। পরদিন কোটবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তুহিন, আনাস ও ফাহিম আহমেদ নামে তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
কোটবাড়ি বিশ্বরোড
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!