যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

মেয়ের বাড়ি যাওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ PM ৪৯
মেয়ের বাড়ি যাওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

মেয়ের বাড়িতে যাওয়ার পথে নওগাঁর মান্দায় বাসের ধাক্কায় আব্দুস সোবহান (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সোবহান নওগাঁর নিয়ামতপুর উপজেলার দরগাপাড়া রাজাপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিল সাত বছর বয়সী এক নাতি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বাড়ি থেকে বের হয়ে নাতিকে সঙ্গে নিয়ে মান্দা ফেরিঘাটে যান আব্দুস সোবহান। সেখান থেকে একটি অটোরিকশায় করে নওগাঁ বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন তাঁরা।

অটোরিকশাটি বাবলাতলী এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাস সেটিকে চাপা দেয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়। এ সময় অটোরিকশা থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে গুরুতর আহত হন আব্দুস সোবহান।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঘটনার পর বাসটি শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!