যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ PM ৪০
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হালিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মান্নান গ্রুপ ও ইউসুফ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের সময় হালিম গুরুতর আহত হন। পরে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আহত আরেক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক।

আলামপুর পুলিশ ক্যাম্পের এএসআই ফরিদুল ইসলাম জানান, দীর্ঘদিনের বিরোধের জেরেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. ইকবাল হাসান বলেন, সংঘর্ষে আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় হালিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!