ট্রাফিক সার্জেন্টের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান মোটরসাইকেলের দুই আরোহী। ছবি: সংগৃহীত
রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়েতে দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অভিযোগে মোসাম্মত স্বপ্না (২৭) ও মাহফুজুর রহমান নামে দুই মোটরসাইকেল আরোহীকে সাত দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ৩০০ ফিট সড়কে উল্টো দিক দিয়ে একটি মোটরসাইকেল আসতে দেখে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট সেটিকে থামার সংকেত দেন। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতেই তিনি ওই মোটরসাইকেলটি থামান।
মোটরসাইকেল থামানোর পর সার্জেন্ট দুই আরোহীর কাছে উল্টো পথে চলাচলের কারণ জানতে চান। একই সঙ্গে ট্রাফিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেন। এ সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি সার্জেন্টের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একপর্যায়ে নারী আরোহী স্বপ্না উত্তেজিতভাবে সার্জেন্টের সঙ্গে কথা বলেন এবং তাঁর দিকে এগিয়ে যাওয়ার মতো আচরণ করেন। এতে প্রকাশ্য সড়কে দায়িত্ব পালনরত পুলিশ সদস্য বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন।
ঘটনার পর সরকারি কাজে বাধা দেওয়া এবং কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে প্রকাশ্যে অসদাচরণ ও হেনস্তার অভিযোগে দুজনকে আটক করা হয়। পরে তাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে সাত দিনের সশ্রম কারাদণ্ড দেন।
আদালতের নির্দেশে সাজাপ্রাপ্ত দুজনকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!