দুর্ঘটনার পর পড়ে থাকা মোটরসাইকেল। ছবি: সংগৃহীত
ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় আব্দুস সামাদ (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
নিহত আব্দুস সামাদ উপজেলার বুজরুকমুন্দিয়া গ্রামের মৃত আবু বক্কর বিশ্বাসের ছেলে। তিনি কালীগঞ্জ পৌরসভায় কসাইখানা পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয়দের ভাষ্য, সকাল ৯টার দিকে মোটরসাইকেলে করে শহরের দিক থেকে যাচ্ছিলেন আব্দুস সামাদ। এ সময় কুষ্টিয়াগামী রুপসা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আরেকজন আহত হন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রেজওয়ানা নাহিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আব্দুস সামাদকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!