যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে নকল ঘি তৈরির কারখানায় অভিযান, প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৭ PM | সর্বশেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৮ PM ৪৮
চট্টগ্রামে নকল ঘি তৈরির কারখানায় অভিযান, প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

ছবি:সংগৃহীত

চট্টগ্রামের বহদ্দারহাটে অস্বাস্থ্যকর পরিবেশে নকল ঘি উৎপাদনের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে আরও তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের কারণে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে বহদ্দারহাট এলাকায় বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ জানান, ‘এম আর কনজিউমারস প্রোডাক্টস’ নামের প্রতিষ্ঠানটিতে ঘি উৎপাদনে দুধের পরিবর্তে পামওয়েল, কৃত্রিম ফ্লেভার ও রং ব্যবহার করা হচ্ছিল। উৎপাদন প্রক্রিয়াটিও ছিল অস্বাস্থ্যকর।

অভিযানের সময় প্রতিষ্ঠানটির মালিক অভিযোগের বিষয়টি স্বীকার করেন বলে জানিয়েছে অধিদপ্তর। পরে সেখানে থাকা উৎপাদিত পণ্য ও ব্যবহৃত উপকরণ ধ্বংস করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরও দেখা যায়, কয়েকটি প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা হয়নি এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ করা হয়নি।

এসব অনিয়মের কারণে ‘পারভিন ট্রেডার্স’ নামের একটি ডিমের দোকানকে ১০ হাজার টাকা এবং ‘হোসেন এন্টারপ্রাইজ’ নামের এলপিজি সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই ধরনের অপরাধে ‘আরিফের ফল বিতান’ নামের একটি ফলের দোকানকে ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে বাজারে ভেজাল, অনিয়ম ও ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

অভিযানে অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মুহাম্মাদ আনিছুর রহমান ও রানা দেবনাথসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে নকল ঘি ভোক্তা অধিকার অভিযান

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!