যুক্তরাষ্ট্র   সোমবার ২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল কুমিল্লার সজিবের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ PM ৬২
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল কুমিল্লার সজিবের

ছবি: সংগৃহীত

সৌদি আরবের জুবাইল শহরে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মো. সজিব (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে তার পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে।

রোববার (৪ অক্টোবর) স্থানীয় সময় রাতে জুবাইল শহরে হামলার এ ঘটনা ঘটে। পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলেই সজিবের মৃত্যু হয়।

নিহত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবের জুবাইল শহরের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

সৌদি আরবে একই প্রতিষ্ঠানে কর্মরত সজিবের সহকর্মী আল আমিন মুঠোফোনে তার মৃত্যুর খবর পরিবারকে জানান। খবরটি পৌঁছানোর পর পরিবার ও স্বজনদের মধ্যে শোক নেমে আসে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সংসারের আর্থিক অবস্থার উন্নতি এবং পরিবারের ভবিষ্যৎ স্বচ্ছল করার আশায় সজিব সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। সেখানে কর্মরত অবস্থাতেই হামলার ঘটনায় তার মৃত্যু হয়।

সজিবের পরিবারের দাবি, প্রয়োজনীয় সরকারি উদ্যোগ নিয়ে যত দ্রুত সম্ভব তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক। পরিবারের সদস্যরা চান, নিজ গ্রামে তার দাফন সম্পন্ন করতে।

শশীদল ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ মামুন বলেন, সজিবের মৃত্যুতে পুরো এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তিনি।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!