যুক্তরাষ্ট্র   সোমবার ২৩ নভেম্বর ২০২৬,৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০২:৩১ PM ৬০
নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪

ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে বাস ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ১৪ জন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বরগুনা থেকে রাজশাহীগামী ‘আরপি পরিবহন’-এর একটি বাসের সঙ্গে পাবনামুখী বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও পাঁচজন।

দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা আহতদের নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত আটজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার পরপরই নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পরিচয় শনাক্তের কাজ করছেন।

ঘটনাস্থল পরিদর্শন করে বড়াইগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ভোরের দিকে দুর্ঘটনা ঘটায় চালক তন্দ্রাচ্ছন্ন ছিলেন বা ঘুমের মধ্যে গাড়ি চালাচ্ছিলেন—এমন ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে। এ জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

নাটোর সড়ক দুর্ঘটনা বড়াইগ্রাম বাস-ট্রাক সংঘর্ষ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!