যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

ইলিশের বাজারে দাম চড়া, মধ্যবিত্তের নাগালের বাইরে রুপালি মা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০২:৫১ PM

২৪
ইলিশের বাজারে দাম চড়া, মধ্যবিত্তের নাগালের বাইরে রুপালি মা

ছবি : সংগৃহীত

 

বর্ষা মৌসুমে বাজারে ইলিশের সরবরাহ বাড়তে শুরু করলেও দাম এখনও সাধারণ ও মধ্যবিত্ত ক্রেতাদের নাগালের বাইরে। রাজধানীর বিভিন্ন বাজারে আকারভেদে প্রতি কেজি ইলিশ ১ হাজার থেকে ২ হাজার ৮০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ফলে অনেক ক্রেতাই দাম শুনে খালি হাতে ফিরে যাচ্ছেন বা তুলনামূলক ছোট মাছ কিনে সন্তুষ্ট থাকতে বাধ্য হচ্ছেন।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল বাজার, চন্দ্রিমা বাজার, ঢাকা উদ্যান, কাদেরাবাদ হাউজিং ও জেনেভা ক্যাম্প বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

আকারভেদে ইলিশের দাম

বাজার ঘুরে দেখা যায়, ৪৫০ থেকে ৬০০ গ্রাম ওজনের ছোট ইলিশ প্রতি কেজি ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা। আর এক কেজি বা তার বেশি ওজনের বড় ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৮০০ টাকাকেজি দরে।

দাম শুনেই ফিরে যাচ্ছেন অনেক ক্রেতা

টাউন হল বাজারে ইলিশ কিনতে এসে এক ক্রেতা জানান, পরিবারের ইচ্ছা থাকলেও বর্তমান দামে ইলিশ কেনা কঠিন। সংসারের অন্যান্য খরচ সামলে এত বেশি দামে মাছ কেনা সম্ভব হচ্ছে না।

আরেক ক্রেতা জানান, কয়েকটি দোকান ঘুরে শেষ পর্যন্ত এক কেজির কিছু বেশি ওজনের দুটি ইলিশ ৪ হাজার ২০০ টাকা দিয়ে কিনেছেন। তার অভিযোগ, বাজারে তাজা মাছের তুলনায় হিমাগারে সংরক্ষিত মাছই বেশি দেখা যাচ্ছে।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী বলেন, পরিবারের সদস্যদের ইচ্ছা পূরণ করতে ছোট আকারের একটি ইলিশ কিনেছেন। বড় ইলিশ কেনা তার বাজেটের বাইরে।

অন্যদিকে অনেক গৃহিণী ও চাকরিজীবী জানান, ইলিশের মৌসুম হলেও বর্তমান দামে নিয়মিত কেনা সম্ভব নয়। অনেকেই তাই ইলিশের বদলে অন্য মাছ কিনছেন।

চন্দ্রিমা বাজারের এক মাছ বিক্রেতা বলেন, তাদের দোকানে মূলত ছোট আকারের ইলিশ বিক্রি হয়, যার দাম ১ হাজার থেকে ১ হাজার ৪৫০ টাকা পর্যন্ত। এলাকার অধিকাংশ ক্রেতাই নিম্ন ও মধ্যম আয়ের হওয়ায় তুলনামূলক কম দামের মাছের চাহিদা বেশি।

টাউন হল বাজারের আরেক বিক্রেতার ভাষ্য, বড় ইলিশের দাম ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা, আর আকার অনুযায়ী ছোট ইলিশের দাম ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা। তার দাবি, বাজারে এখনো পর্যাপ্ত পরিমাণে নদীর টাটকা ইলিশ আসেনি; বেশিরভাগই সংরক্ষিত মাছ।

বাজারে ক্রেতার উপস্থিতি থাকলেও অনেকেই শুধু দাম জেনে ফিরে যাচ্ছেন। কেউ কেউ বাজেটের কারণে ছোট আকারের ইলিশ কিনছেন, আবার অনেকে বিকল্প মাছ বেছে নিচ্ছেন।

ক্রেতাদের মতে, ইলিশের সরবরাহ বাড়লেও দাম এখনো এমন পর্যায়ে নামেনি, যাতে মধ্যবিত্ত পরিবার স্বাচ্ছন্দ্যে এই জনপ্রিয় মাছ কিনতে পারে।

ইলিশের বাজার

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!