যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ৩২৪ টাকা, নতুন দর কার্যকর

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ০৪:১৪ PM

১৭
সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ৩২৪ টাকা, নতুন দর কার্যকর

ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম আবারও কমানো হয়েছে। দুই দিনের ব্যবধানে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা কমেছে। একই সঙ্গে রুপার দামও কিছুটা কমেছে। নতুন দাম শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের বাজারে তেজাবি সোনার দাম কমার কারণে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে গত বুধবার প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা বাড়ানো হয়েছিল।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

এর আগে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। সেই হিসাবে নতুন দামে ২২ ক্যারেটের সোনা ভরিতে কমেছে ৩ হাজার ৩২৪ টাকা। একইভাবে ২১ ক্যারেটের সোনায় কমেছে ৩ হাজার ১৪৯ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৬৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় কমেছে ২ হাজার ২১৬ টাকা।

চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল সোনার দাম। ওই সময় প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা। বর্তমানে সেই রেকর্ড দামের তুলনায় সোনার দাম প্রায় ৬৫ হাজার টাকা কম রয়েছে।

এদিকে সোনার গহনার ক্ষেত্রে ভ্যাট আলাদাভাবে আদায় করবে না জুয়েলারি প্রতিষ্ঠানগুলো। কারণ সোনার দামের সঙ্গে ভ্যাট যুক্ত করা হয়েছে। চলতি অর্থবছরের বাজেটে প্রতি ভরি সোনার গহনার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারেও সোনার দাম কিছুটা কমেছে। বিশ্ববাজারে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ২৪ ডলারে নেমেছে, যা আগের দিনের তুলনায় প্রায় দশমিক ৫৫ শতাংশ কম।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপার দাম ভরিতে ১৭৫ টাকা কমে হয়েছে ৪ হাজার ৬০৭ টাকা। ২১ ক্যারেট রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৩৭৪ টাকা।

সোনার দাম বাজুস

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!