যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

তিন মাসে বিএটিবির সিগারেট বিক্রি ১৪,৫৬৩ কোটি টাকা, মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ০২:১৪ PM

২৪
তিন মাসে বিএটিবির সিগারেট বিক্রি ১৪,৫৬৩ কোটি টাকা, মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ছবি: সংগৃহীত

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) সিগারেট বিক্রি বেড়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি ১৪ হাজার ৫৬৩ কোটি টাকার সিগারেট বিক্রি করেছে। গত বছরের একই সময়ে বিক্রির পরিমাণ ছিল ১৩ হাজার ৮৮৫ কোটি টাকা।

এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি বেড়েছে ৬৭৮ কোটি টাকা, যা প্রায় ৫ শতাংশ বৃদ্ধি। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির সর্বশেষ আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিক্রি বৃদ্ধির পাশাপাশি কোম্পানির মুনাফাতেও বড় ধরনের পরিবর্তন এসেছে। চলতি বছরের এপ্রিল-জুন সময়ে বিএটিবিসির কর-পরবর্তী মুনাফা হয়েছে ২০৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে এই মুনাফার পরিমাণ ছিল ৯৭ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে ১০৭ কোটি টাকা।

মুনাফা বৃদ্ধির প্রভাবে শেয়ারবাজারেও কোম্পানিটির শেয়ারের দামে ইতিবাচক প্রভাব দেখা গেছে। লেনদেনের প্রথম দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়ে ২২৭ টাকায় দাঁড়ায়।

তবে চলতি বছরের প্রথম ছয় মাসের হিসাব করলে কোম্পানিটির বিক্রি কিছুটা কমেছে। জানুয়ারি-জুন সময়ে বিএটিবিসির মোট বিক্রির পরিমাণ ছিল ২৩ হাজার ২৮৮ কোটি টাকা। গত বছরের একই সময়ে যা ছিল ২৩ হাজার ৪৮২ কোটি টাকা।

ছয় মাসের হিসাবে বিক্রি কমার কারণে কোম্পানিটির মুনাফাও সামান্য কমেছে। চলতি বছরের প্রথমার্ধে কর-পরবর্তী মুনাফা হয়েছে ৪১৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৪১৫ কোটি টাকা।

তামাক খাত বাংলাদেশের রাজস্ব আয়ের অন্যতম বড় উৎস। চলতি বছরের প্রথম ছয় মাসে বিএটিবিসি সিগারেট বিক্রির বিপরীতে সরকারকে সম্পূরক শুল্ক ও ভ্যাট বাবদ ১৯ হাজার ৪৫৭ কোটি টাকা দিয়েছে। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১৯ হাজার ৪০৫ কোটি টাকা।

দেশের শেয়ারবাজারের পুরোনো তালিকাভুক্ত কোম্পানিগুলোর একটি বিএটিবিসি। ১৯৭৭ সালে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় এবং বর্তমানে ‘এ’ শ্রেণির কোম্পানি হিসেবে লেনদেন করছে।

বিএটিবি সিগারেট বিক্রি বাংলাদেশ অর্থনীতি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!