যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

চীন থেকে দক্ষ শিক্ষক আনতে ভিসা প্রক্রিয়া সহজ করছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৫:৩৯ PM ১১৪
চীন থেকে দক্ষ শিক্ষক আনতে ভিসা প্রক্রিয়া সহজ করছে বাংলাদেশ

চীনের সঙ্গে শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। সংগৃহীত ছবি

দেশের শিক্ষার্থীদের কারিগরি ও ভাষাগত দক্ষতা বাড়াতে চীন থেকে দক্ষ শিক্ষক আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে চীনা শিক্ষকদের বাংলাদেশে আসার ক্ষেত্রে ভিসা প্রক্রিয়ার জটিলতা কমানোর কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে চীনের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিনের নেতৃত্বে সম্প্রতি বাংলাদেশের একটি প্রতিনিধিদল চীন সফর করেছে। ওই সফরে শিক্ষা খাতে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। চীনের শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প খাতের পারস্পরিক সহযোগিতার মডেল বাংলাদেশের জন্যও অনুসরণযোগ্য বলে মনে করছে সরকার।

এহসানুল হক মিলন বলেন, চীনের শিল্প ও একাডেমিয়ার মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সেখান থেকে বাংলাদেশও শিক্ষা নিতে চায়। বিশেষ করে শিক্ষার সঙ্গে শিল্পখাতের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবমুখী ও কারিগরি দক্ষতা বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

চীন সফর শেষে শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা উন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বাড়াতে চীনা শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।

চীনা শিক্ষকদের বাংলাদেশে কাজের ক্ষেত্রে ভিসা-সংক্রান্ত জটিলতা যাতে বাধা না হয়, সে বিষয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি। এ জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী, চীনের সঙ্গে শিক্ষা খাতে সহযোগিতা জোরদারের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং শিক্ষা ও শিল্পের মধ্যে কার্যকর সংযোগ তৈরির সুযোগ আরও বাড়াতে চায় সরকার।

শিক্ষামন্ত্রী

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!