যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন করে পাস ৪৫৮৫; জিপিএ-৫ বেড়ে ১ লাখ ১৯ হাজার ৭৫৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ PM ৯০
এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন করে পাস ৪৫৮৫; জিপিএ-৫ বেড়ে ১ লাখ ১৯ হাজার ৭৫৫

ছবি:সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। পুনঃনিরীক্ষণের পর নতুন করে ৪ হাজার ৫৮৫ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। একই সঙ্গে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

বৃহস্পতিবার প্রকাশিত পুনঃনিরীক্ষণের ফল অনুযায়ী, এর ফলে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৭৫৫ জনে। মূল ফলাফলে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, পুনঃনিরীক্ষণের পর ৫৬ হাজার ২৫৯ শিক্ষার্থীর নম্বরে পরিবর্তন এসেছে। এর মধ্যে ২৭ হাজার ৮৩৬ শিক্ষার্থীর গ্রেড বা জিপিএ সংশোধন করা হয়েছে।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৪ লাখ ২ হাজার ৫২ শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছিল। তারা মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৮টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য জমা দেয়।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পুনঃনিরীক্ষণের পর সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে ময়মনসিংহ বোর্ডে। এ বোর্ডে নতুন করে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ১৮০ জন।

দিনাজপুর বোর্ডে ৮৬৭ জন এবং যশোর বোর্ডে ৩৮০ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে।

এ ছাড়া ঢাকা বোর্ডে ৩৩৭, কুমিল্লায় ৩৩৬, চট্টগ্রামে ১৯০, সিলেটে ১৮৬, রাজশাহীতে ১১১ এবং বরিশাল বোর্ডে ৭৯ জন নতুন করে উত্তীর্ণ হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২৫৫ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৬৬৪ শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের পর পাস করেছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানিয়েছেন, পুনঃনিরীক্ষণের সময় উত্তরপত্র দুই ধাপে পর্যালোচনা করা হয়েছে।

তিনি বলেন, পুনঃনিরীক্ষণ প্রক্রিয়ায় দায়িত্বশীলতার সঙ্গে উত্তরপত্র যাচাই করা হয়েছে। শিক্ষকদের মূল্যায়নের পদ্ধতি বা দৃষ্টিভঙ্গির পরিবর্তনও ফলাফলে কিছুটা প্রভাব ফেলতে পারে বলে তিনি মনে করেন।

তার ব্যাখ্যা অনুযায়ী, কোনো শিক্ষার্থীর নম্বর গ্রেড পরিবর্তনের সীমার কাছাকাছি থাকলে সামান্য নম্বর বৃদ্ধিও তার চূড়ান্ত জিপিএ পরিবর্তন করতে পারে। ফলে পুনঃনিরীক্ষণের পর অনেক শিক্ষার্থীর ফলাফলে ইতিবাচক পরিবর্তন এসেছে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা বছরের শুরুতে অনুষ্ঠিত হয়। মূল ফলাফল প্রকাশ করা হয় ১০ আগস্ট।

মূল ফলাফলে ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ পরীক্ষার্থীর মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পাস করে। তখন সার্বিক পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ।

পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর এবার পাস করা এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা আরও বেড়েছে।

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল এসএসসি ফল পরিবর্তন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!