যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও চুয়েটে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ PM | সর্বশেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ PM ৬৫
উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও চুয়েটে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজের পর ক্যাম্পাসে মিছিল করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে ২১ সেপ্টেম্বর রাত থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয় ‘কমপ্লিট শাটডাউন’। শুক্রবার সেই কর্মসূচি ১১তম দিনে গড়ায়।

আন্দোলনের অংশ হিসেবে গত কয়েক দিনে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখা, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।

এ ছাড়া সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে মশাল মিছিল, লাল কার্ড প্রদর্শন, প্রতীকী কর্মসূচি, মুখোশ মিছিল এবং চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদও করেছেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে চুয়েট শিক্ষক সমিতি এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। চলমান আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

বৃহস্পতিবার উপাচার্য ভবনের সামনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেন। একই দিন শিক্ষার্থীরা প্রতিবাদী কনসার্ট ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন।

অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব পান। প্রায় ৫৬ দিন পর ২১ সেপ্টেম্বর তাকে পদ থেকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের পর থেকেই শিক্ষার্থীরা সায়েমকে পুনর্বহালের দাবি জানিয়ে আসছেন। তাদের ভাষ্য, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন ও শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!