জন্মদিনে স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা ওমর সানী। ছবি: সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন তাঁর স্বামী চিত্রনায়ক ওমর সানী। মঙ্গলবার (৩ নভেম্বর) ফেসবুকে স্ত্রীর একটি ছবি প্রকাশ করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান এই অভিনেতা। বার্তায় মৌসুমীকে বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার বলেও উল্লেখ করেন তিনি।
ছবির ক্যাপশনে ওমর সানী লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি…।’ তাঁর এই পোস্ট ঘিরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
জন্মদিন উপলক্ষে দেওয়া আরেকটি পোস্টে স্ত্রীর সুস্থতা, ভালো থাকা ও সম্মানজনক জীবনের জন্য দোয়া করেন ওমর সানী। সেখানে তিনি লেখেন, ‘৩/১১/২৬ আজকে প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন আলহামদুলিল্লাহ। আমার দোয়া আল্লাহ তোমাকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সম্মানের সাথে রাখুন। আমার পরিবারের তাজ হয়ে থাকো। তোমার ফ্যান ক্লাবের আয়োজনে ইনশাআল্লাহ আমি থাকব।’
এদিকে জন্মদিন উপলক্ষে আগামী বুধবার (৪ নভেম্বর) সাভারের হেমায়েতপুরে চাপওয়ালা শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে উপস্থিত থাকার কথা জানিয়েছেন অভিনেতা। সেখানে দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণের আয়োজন করবেন বলেও জানান তিনি।
চিত্রনায়িকা আরিফা জামান মৌসুমী ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন। সেই হিসাবে ২০২৬ সালে ৫৩ বছরে পা দিয়েছেন তিনি। সালমান শাহর বিপরীতে ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী।
চলচ্চিত্রে কাজ করতে গিয়েই ওমর সানীর সঙ্গে মৌসুমীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ১৯৯৬ সালের ২ আগস্ট তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
মৌসুমী ওমর সানী মৌসুমীর জন্মদিন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!