যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

ইরানে নতুন দফার সামরিক অভিযান সম্পন্নের দাবি যুক্তরাষ্ট্রের সেন্টকম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০৮:০৭ AM

১০
ইরানে নতুন দফার সামরিক অভিযান সম্পন্নের দাবি যুক্তরাষ্ট্রের সেন্টকম

ইরানে নতুন দফার সামরিক অভিযানে অংশ নেওয়ার প্রস্তুতিতে যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে নতুন দফার সামরিক অভিযান সম্পন্ন করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সংস্থাটি জানিয়েছে, অভিযানে ইরানের একাধিক সামরিক স্থাপনা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামোতে নির্ভুল অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে।

বুধবার (১৫ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, অভিযানের লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা সীমিত করা এবং হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌপরিবহনের নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি মোকাবিলা করা।

সেন্টকমের তথ্য অনুযায়ী, হামলায় ইরানের কমান্ড সেন্টার, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা অবকাঠামো এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাস এলাকার কয়েকটি স্থাপনাও এ অভিযানের আওতায় ছিল বলে দাবি করেছে সংস্থাটি।

এ ছাড়া পৃথক আরেকটি অভিযানে প্রায় ৯০ মিনিট ধরে গ্রেটার তুনব দ্বীপে অবস্থিত উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্রুজ ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলা চালানোর কথাও জানিয়েছে সেন্টকম।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, এই সামরিক পদক্ষেপের উদ্দেশ্য ছিল সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সম্ভাব্য সামরিক ঝুঁকি কমিয়ে আনা।

তবে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্যও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের সামরিক কর্মকাণ্ড অব্যাহত থাকলে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!