যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

টানা ৫ ওভারে ৫ উইকেট, রান না দিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন জাস্টিন গ্রিভস

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০২:২০ PM

টানা ৫ ওভারে ৫ উইকেট, রান না দিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন জাস্টিন গ্রিভস

ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে বিরল এক কীর্তি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টানা পাঁচ ওভারে কোনো রান না দিয়ে প্রতিটি ওভারে একটি করে উইকেট নিয়েছেন তিনি। এই অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন গ্রিভস।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় দিনে পাকিস্তান ৩ উইকেটে ১৯৯ রান নিয়ে ব্যাটিং শুরু করে। একপর্যায়ে দলটির সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৪৪ রান। তখন পর্যন্ত গ্রিভস ৬ ওভারে ২৭ রান দিলেও কোনো উইকেট পাননি।

এরপর হঠাৎ করেই ম্যাচের চিত্র বদলে দেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। পাকিস্তানের ইনিংসের ৬৪, ৬৬, ৬৮, ৭০ ও ৭২তম ওভারে বল করে প্রতিটি ওভারেই উইকেট তুলে নেন তিনি। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এই পাঁচ ওভারে তিনি কোনো রান দেননি।

টানা পাঁচ ওভারে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি রান না দেওয়ার এই রেকর্ড টেস্ট ক্রিকেটে প্রথম। তথ্য-উপাত্ত সংরক্ষণের যুগে এমন কীর্তি আর কোনো বোলারের নেই।

গ্রিভসের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের ইনিংস থামে ২৮২ রানে। তিনি তুলে নেন মোট ৫ উইকেট। পাকিস্তানের হয়ে শান মাসুদ ১০৯ রান করেন এবং ইমাম-উল-হক করেন ৬৩ রান।

টেস্ট ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট পাওয়ার পর গ্রিভস জানান, বল কিছুটা সুইং করছিল এবং তিনি সেটির সুবিধা পেয়েছেন। দলের প্রয়োজনে কঠিন সময়ে অবদান রাখতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন।

তবে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজও স্বস্তিতে নেই। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১২৬ রানে ৭ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস ৩টি এবং খুররম শাহজাদ ২টি উইকেট নিয়েছেন।

তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ ১৫৫ রানে এগিয়ে রয়েছে। তবে গ্রিভসের ঐতিহাসিক বোলিং পারফরম্যান্স ইতোমধ্যে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা হয়ে উঠেছে।

জাস্টিন গ্রিভস ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ক্রিকেট বিশ্ব রেকর্ড

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!