যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করতে চায় তুরস্কের সানকো

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ০২:০৩ PM

বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করতে চায় তুরস্কের সানকো

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে তুরস্কের অন্যতম শীর্ষ টেক্সটাইল প্রতিষ্ঠান সানকো। প্রতিষ্ঠানটি চট্টগ্রামের মিরসরাই শিল্পাঞ্চলে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে একটি আধুনিক সমন্বিত টেক্সটাইল উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে।

সম্প্রতি সচিবালয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সানকোর প্রতিনিধি দলের বৈঠকে এ বিনিয়োগ পরিকল্পনার বিষয়টি তুলে ধরা হয়। বৈঠকে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমও উপস্থিত ছিলেন।

সানকোর প্রতিনিধিরা জানান, বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের সম্ভাবনা, দক্ষ শ্রমশক্তি এবং আন্তর্জাতিক বাজারে দেশের অবস্থান বিবেচনা করে স্থানীয় উৎপাদন সক্ষমতা বাড়াতে চায় প্রতিষ্ঠানটি। বর্তমানে তুরস্ক থেকে পণ্য সরবরাহ করলেও বাংলাদেশে উৎপাদন স্থাপনকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেখছে তারা।

প্রস্তাবিত প্রকল্পে কাপড় উৎপাদন, ফ্যাব্রিক প্রসেসিং এবং উচ্চমূল্যের টেক্সটাইল পণ্য তৈরির ব্যবস্থা থাকবে। এর মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল খাতে প্রযুক্তি, উৎপাদন দক্ষতা এবং রপ্তানি সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

সানকোর পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে তাদের বেশ কিছু আন্তর্জাতিক ক্রেতার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। দেশে উৎপাদন সুবিধা চালু হলে নতুন ক্রেতা আকৃষ্ট করার পাশাপাশি স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোও আধুনিক প্রযুক্তি ও বাজার সম্প্রসারণের সুযোগ পাবে।

প্রতিষ্ঠানটি প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অবকাঠামো, বিদ্যুৎ, গ্যাস সংযোগ ও সরকারি অনুমোদনের বিষয়ে সহযোগিতা চেয়েছে। একই সঙ্গে পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা এবং টেকসই প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে তারা।

সানকোর পরিকল্পনা অনুযায়ী, প্রয়োজনীয় অনুমোদন ও প্রস্তুতি সম্পন্ন হলে আগামী কয়েক মাসের মধ্যে প্রকল্পের পরবর্তী ধাপ শুরু হতে পারে। নির্মাণকাজ শুরুর পর ১২ থেকে ১৮ মাসের মধ্যে উৎপাদন কার্যক্রম চালুর লক্ষ্য রয়েছে।

বাংলাদেশে এই ধরনের বড় বিনিয়োগ বাস্তবায়িত হলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, পাশাপাশি টেক্সটাইল ও পাট খাত সাধারণ উৎপাদনের পাশাপাশি উচ্চমূল্যের পণ্য তৈরির সক্ষমতা অর্জন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সরকারের পক্ষ থেকেও বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সানকোর এই উদ্যোগ বাংলাদেশকে বৈশ্বিক টেক্সটাইল সরবরাহ ব্যবস্থায় আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সহায়তা করবে।

তুরস্কের সানকো বাংলাদেশ টেক্সটাইল খাত

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!