বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ৩৪ ক্যাটাগরির পদে ৩০১ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব পদে স্থায়ী রাজস্বখাতভুক্ত এবং অস্থায়ীভাবে রাজস্বখাতে নিয়োগ দেওয়া হবে। ১০ম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে আগ্রহী প্রার্থীরা আগামী ১১ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
নিয়োগ বিজ্ঞপ্তিটি নবম পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের আগে জারি হওয়ায় এতে অষ্টম জাতীয় পে স্কেল অনুযায়ী বেতন কাঠামো উল্লেখ করা হয়েছে। পদভেদে নির্ধারিত বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা পর্যন্ত।
১০ম গ্রেডে গ্রন্থাগারিক, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), এস্টিমেটর ও ফোরম্যান—প্রতিটি পদে একজন করে নেওয়া হবে। এসব পদের বেতন ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা। ১১তম গ্রেডে বৈজ্ঞানিক সহকারীর ৭৮টি পদ রয়েছে। এর মধ্যে ৭৫টি স্থায়ী এবং ৩টি অস্থায়ী। এ পদের বেতন ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা।
১৩তম গ্রেডে চারজন কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে। ১৫তম গ্রেডে একজন করে কম্পাউন্ডার (ফার্মাসিস্ট) এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (মেডিক্যাল টেকনোলজিস্ট) নেওয়া হবে। এসব পদের বেতন ৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৪৯০ টাকা এবং কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।
১৬তম গ্রেডে একাধিক পদে জনবল নেওয়া হবে। এর মধ্যে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ২২টি, অফিস সহকারী-কাম-হিসাবরক্ষক ৮টি, অফিস সহকারী ২টি, স্টোরকিপার-কাম-অফিস সহকারী ৪টি, ভান্ডার রক্ষক ৬টি, পরিসংখ্যান সহকারী ২টি, ইলেকট্রিশিয়ান ১টি, মেকানিক ৩টি, বুলডোজার ড্রাইভার ১টি, গাড়িচালক ২৫টি, ট্রাক্টর ড্রাইভার ৫টি, টিলার ড্রাইভার ৭টি এবং পাওয়ার টিলার ড্রাইভার ২টি। এসব পদের বেতন ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।
১৭তম গ্রেডে উ: পাম্প অপারেটরের দুটি পদ রয়েছে। এ পদের বেতন ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা। ১৮তম গ্রেডে একজন করে পেইন্টার, ম্যাশন ও প্লাম্বার এবং ২৬ জন ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট নিয়োগ পাবেন। এসব পদের বেতন ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৩১০ টাকা।
১৯তম গ্রেডের প্রিপেয়ারার পদে ১১ জন, লাইব্রেরি অ্যাটেনডেন্ট ও সহকারী বাবুর্চি পদে একজন করে নিয়োগ দেওয়া হবে। এ গ্রেডে বেতন ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা।
২০তম গ্রেডে রুম অ্যাটেনডেন্ট ২টি, হ্যামারম্যান ১টি, ট্রাক্টর মেট ৪টি, অফিস সহায়ক ৪৬টি এবং নিরাপত্তা প্রহরীর ২৮টি পদ রয়েছে। অফিস সহায়কের ৪৬টি পদের মধ্যে ৪৫টি স্থায়ী ও ১টি অস্থায়ী। এসব পদের বেতন ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।
আবেদনের ক্ষেত্রে ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। নির্ধারিত শর্ত পূরণকারী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট bari.teletalk.com.bd-এ।
অনলাইন আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে ২১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ১১ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা।
পদ অনুযায়ী আবেদন ফিও ভিন্ন। ১ থেকে ৪ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা, ৫ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৬ থেকে ২১ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ২২ থেকে ৩৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া বারির ১১ মার্চ ২০২৬ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তিতে যেসব প্রার্থী আগে আবেদন করেছেন, তাঁদের আবার আবেদন করতে হবে না।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!