যুক্তরাষ্ট্র   বুধবার ২৯ জুলাই ২০২৬,১৩ শ্রাবণ ১৪৩৩

৩৬ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর পথে বাংলাদেশ, দুই নেত্রীর যুগের অবসান

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১২ PM

১০২
৩৬ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর পথে বাংলাদেশ, দুই নেত্রীর যুগের অবসান

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে দেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল একটি নিয়মিত নির্বাচন নয়; এটি দীর্ঘ সাড়ে তিন দশক ধরে চলা ‘দুই নেত্রীর রাজনীতি’র অবসান এবং নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনার ইঙ্গিত দিচ্ছে।

১৯৯১ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত—তত্ত্বাবধায়ক সরকারের প্রায় দুই বছর বাদ দিলে—বাংলাদেশের নির্বাহী ক্ষমতা ছিল দুই নারী নেত্রী বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনার হাতে। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে সেই ধারাবাহিকতা ভেঙে একজন পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব নিতে যাচ্ছেন—এমনটাই রাজনৈতিক অঙ্গনে প্রায় নিশ্চিত বলে ধরা হচ্ছে।

১৯৯১ সালের নির্বাচনে বিজয়ের মাধ্যমে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। এর পর থেকেই রাষ্ট্রক্ষমতা আবর্তিত হয়েছে মূলত তাঁকে ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে। শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথমবার এবং পরে ২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত টানা চার মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন—যা বাংলাদেশের ইতিহাসে দীর্ঘতম।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগ এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দলটি ত্রয়োদশ নির্বাচনে অংশ নিতে পারছে না। অন্যদিকে গত ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু বিএনপির রাজনীতিতেও একটি যুগের ইতি টানে।

বর্তমানে বিএনপির নেতৃত্বে রয়েছেন তারেক রহমান। দলটি নির্বাচনে জয়ী হলে তিনিই প্রধানমন্ত্রী হবেন—এমন সম্ভাবনাই প্রবল। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটও নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে, যেখানে সরকারপ্রধান হবেন একজন পুরুষ নেতা।

ইতিহাস বলছে, ১৯৮৯–৯০ সালে কাজী জাফর আহমদের পর জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় আর কোনো পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব নেননি। সেই হিসেবে প্রায় ৩৬ বছর পর আবারও পুরুষ নেতৃত্বে ফিরছে দেশ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন শুধু ব্যক্তিগত নেতৃত্বের নয়; এটি দলীয় কাঠামো, ক্ষমতার ভারসাম্য এবং রাজনৈতিক সংস্কৃতিতেও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। ত্রয়োদশ নির্বাচন তাই নতুন রাজনৈতিক আস্থার ভিত্তি গড়ে দিতে পারবে কি না—সেদিকেই তাকিয়ে আছে দেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ রাজনীতি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!